প্রথমবার ফরিদপুরে আসছেন তারেক রহমান রাজনীতি / 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার দুপুরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাকে ঘিরে নেতাকর্মীদের অনেক প্রত্যাশা।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, বরিশালে সমাবেশ শেষে বুধবার বেলা পৌনে ২টায় হেলিকপ্টারযোগে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়িযোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় আসবেন। সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এ ছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব বইতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে সর্ববৃহৎ সমাগম হবে। সমাবেশকে সফল করার জন্য ফরিদপুর জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করছেন। জনসভা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে।
তারেক রহমানের আগমন ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন বাস্তবায়ন অন্যতম দাবি তাদের। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়েছে। তাই তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা। তার কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি রয়েছে। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার প্রত্যাশা আছে। এসব বিষয় আমরা জনসভায় উপস্থাপন করবো।

সব খবর
সর্বাধিক পঠিত