Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৫০০ রোগী নীলফামারী

সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৫০০ রোগী

নীলফামারীর সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই সাথে ছানি অপারেশনের জন্য ১০০ রোগী নির্বাচন করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়।  ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে মরিয়ম চক্ষু হাসপাতাল।  

সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক চক্ষু ক্যাম্পটির উদ্বোধন করেন। ডাকবাংলার গোলঘরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব  কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ইরফান আলম ইকু, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, সাংবাদিক এম আর আলম, হাসপাতালটির চিকিৎসক মুরাদ ইবনে হাফিজ, লিমন সরকার, ফাউন্ডেশেনের সদস্য সচিব নওশাদ আনসারী, মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. আহসানুজ্জামান প্রমুখ।  

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং চক্ষু অপারেশনের জন্য ১০০ রোগীকে নির্বাচন করেন।  রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধপত্র প্রদান করা হয়।    

আলহাজ্ব  কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ইরফান আলম ইকু জানান, এ প্রতিষ্ঠানের তরফ থেকে অর্থ সহায়তা, শাড়ি-কাপড় বিতরণ ও গরিব রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।  আগামীতে আরও বড় ধরণের চিকিৎসা ক্যাম্প করার চিন্তাভাবনা রয়েছে।