ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ মুন্সিগঞ্জ / 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- আশিক (৩২), ডা. মো. আব্দুল আলিম (৬০)।
আহতদের মধ্যে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), আব্দুল মান্নানসহ (৬০) অন্তত ১০ থেকে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল। গুরুতর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সব খবর
সর্বাধিক পঠিত