Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

কবি ফয়সাল হাবিব সানি'র জনপ্রিয় কবিতা ‘একা’ শিল্প ও সাহিত্য

কবি ফয়সাল হাবিব সানি'র জনপ্রিয় কবিতা ‘একা’

একা মানে বুকের ভেতর একা'র কারো বাস 
একা মানে চোখ বুজে ভীষণ দীর্ঘশ্বাস... 
জানলা দিয়ে জ্যোৎস্নাগুলো বুকের ওপর রাখা 
ভালোবেসে অমানিশা যত্ন করে মাখা। 
একা তুমি, একা আমি, একা রাতের তারা 
বড্ড বেশি একা লাগে একা আমায় ছাড়া। 
একা মানে বৃক্ষতলে ক্ষণিক বসে থাকা 
একা মানেই হাত বাড়িয়ে নীরবতা ডাকা। 
একা মানে নিজের প্রতি দারুণ রকম লোভ 
নিজের কাছেই ঝেড়ে ফেলা সমস্ত মান-ক্ষোভ। 
চাঁদ যেমন অধীর একা জ্বলে নিশি-সাঁঝে 
তেমনি আমি একা হয়েও বাঁচি আমার মাঝে। 
কবিতাগুলো একা যেমন বড্ড আবেগ ছাড়া 
আমার তেমনি একাকীত্ব জীবন ছন্নছাড়া। 
নিয়নের নিচে যেমন ওই ঘুমিয়ে থাকে ঢাকা 
তেমনি একা'র গর্ভে আমার স্বপ্নগুলো আঁকা। 
একা মানে নিজের কাছে প্রশ্ন অনেক রকম 
বিনা রক্তপাতে তবু ‘আমি'র ভেতর জখম! 
একা মানে নির্জনতা, নিভৃত কোনো কোণ 
তবু নিঃসঙ্গের শরীর ঘেষে বেঁচে থাকার পণ। 

ছবি: কবি ফয়সাল হাবিব সানি (সংগৃহীত)। ‘একা’ শিরোনামের জনপ্রিয় কবিতাটি ২০১৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবি ফয়সাল হাবিব সানি’র ‘‘নির্বাচিত ১০১ কবিতা’’ গ্রন্থ থেকে নেয়া হয়েছে৷ কবি ফয়সাল হাবিব সানি নিজের অধিকাংশ কবিতাতে খুবই সাবলীল ও প্রাঞ্জল ভাষায় জীবনের নিগূঢ় বাস্তবতার পানে বিশেষভাবে অঙ্গুলিসংকেত করেছেন৷ মূলত, তিনি পাঠকের কাছে কবিতার ভাষা বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠার প্রয়াসেই অনেক কবিতা-ই এমন সহজবোধ্য ভাষায় রচনা করেছেন৷