কোরবানীর গরু কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ নিহত ৫ ফরিদপুর / 
ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা নামক বাসস্ট্যান্ডে বুধবার সকালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতরা হল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের পুত্র মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার পুত্র মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকা গামী একটি পরিবহন বাসের সাথে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি থ্রী হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের সকলের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

সব খবর
সর্বাধিক পঠিত