যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত অর্থ-বাণিজ্য / 
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে রপ্তানিকারকরা বাড়তি সময় পাবেন এবং আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক জায়গায় পৌঁছানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে রপ্তানিকারক দেশগুলো যেমন সুবিধা পাচ্ছিল, আমদানিকারক দেশটির ভোক্তারাও কম দামে পণ্য পাচ্ছিলেন। এতে ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তুলনামূলক কম দামের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর ফলে বিশ্বের বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বাড়তি রাজস্ব পাওয়ার পাশাপাশি রপ্তানিকারক দেশগুলোকে ঘায়েল করতে গিয়ে অভ্যন্তরীণ চাপে পড়ে। একই সময়ে কানাডা, ব্রাজিল, ইতালি, জাপান, ভারতের মতো বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও তাদের টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের ওপর পড়ে বাড়তি শুল্কের কাষাঘাত।
এ অবস্থায় বুধবার (৯ এপ্রিল) তিন মাসের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। নতুন আরোপিত শুল্ক স্থগিত করা হলেও আগে নির্ধারিত শুল্কসহ ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে যা হবে (১৬+১০) ২৬ শতাংশ।

সব খবর
সর্বাধিক পঠিত