যাত্রাবাড়ীতে বিএসটিআই’র অভিযান : নকল পণ্য জব্দ, জরিমানা ঢাকা / 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া, অনুমোদনবিহীনভাবে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এবং বিএসটিআই ঢাকা মেট্রোলজি বিভাগের উপপরিচালক মোঃ মিজানুর রহমান-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় সহায়তা করে এপিবিএন-১১।
অভিযানে দেখা যায়, সান বি কনজ্যুমার প্রোডাক্টস, যাত্রাবাড়ী, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সিনথেটিক ভিনেগার, বেকিং পাউডার, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি ফ্লেভার, পোলাও ফ্লেভার, ব্যানানা ও অরেঞ্জ ফ্লেভার, জর্দা রং, রেড ভেলভেট রং, বিট সল্ট এবং ইস্টসহ বিভিন্ন খাদ্য উপকরণ তৈরি ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন সোর্স থেকে রং, ফ্লেভার, ইস্ট, এসিডসহ অন্যান্য উপকরণ সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই এসব পণ্য উৎপাদন করছিল।
এছাড়া, বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই প্রতিষ্ঠানটি ন লোগো ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ডে এসব পণ্য বাজারজাত করছিল। ফলে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নিম্নমানের পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সহায়তা করেন মোঃ জাহিদ হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সব খবর
সর্বাধিক পঠিত