শেরপুরের শিশু রাহাত হত্যা মামলায় ৩জনের মৃত্যুদন্ড শেরপুর / 
শেরপুরের চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ (২৯ মার্চ) দুপুরে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। ফাঁসিরদ-প্রাপ্তরা হলেন- আব্দুল লতিফ (২১), রবিন মিয়া (২০) ও আসলাম বাবু (২২) । অপর আসামি ইমরান হোসেনকে (২১) যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়।
এদিন জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আসামি লতিফ, রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের শিববাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার খালু আব্দুল লতিফসহ কয়েকজন অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গ্রেফতার রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠালে ৩ ফেব্রুয়ারি ৪ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীকে জেরা করা হয়। যুক্তির্তক শেষে আজ এ রায় দেন আদালত।

সব খবর
সর্বাধিক পঠিত