রাজধানীর জুরাইন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বিক্রির দায়ে ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের ১৭৯, পশ্চিম জুরাইন, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত ‘সৌরভ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই’র মোবাইল কোর্ট।

​তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ সিএম লাইসেন্স এবং ওজন ও পরিমাপ নিবন্ধন সনদ ছাড়াই বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে।

প্রতিষ্ঠানটির সাথে জড়িত অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ০৬ (ছয়) জন ব্যক্তিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(৪)/৪১ ধারা অনুযায়ী প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ​ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

​আদালত খুব দ্রুত বিএসটিআই’র বৈধ লাইসেন্স ও সনদ গ্রহণ করে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশ দেন।
​
​অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ সাফায়েত হোসেন, অফিসার, বিএসটিআই, ​মোঃ সামিউল ইসলাম, পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা।

​এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।