রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি চলছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।

সকাল ১১টার দিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন।

এসময় আন্দোলনকারীরা বাধা দিয়ে প্রথমে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি ছোড়া শুরু হয়।

অবরোধ ও গুলির ঘটনায় সাজেকে ঘুরতে আসা দুই হাজার ৯৩৩ জন পর্যটক কিছু সময়ের জন্য আটকা পড়েন। পরে তাদের নিরাপদে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পাঠানো হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আমরা ব্যস্ত আছি। পরে সব জানাচ্ছি।