বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করা একটি ড্রিল ড্রেজার মেশিন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ড্রেজারটি বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। এ সময় ড্রেজারের পাইপ ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে এটি সম্পূর্ণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিখালী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের নিজ জমিতে গত প্রায় দুই মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। দৈবজ্ঞহাটী ইউনিয়নের বাসিন্দা বেদার শেখ নামে এক ড্রেজার মালিক জমির মালিক ইলিয়াসের সহায়তায় এই অবৈধ বালু উত্তোলন করে আসছিলেন। এর মাধ্যমে তারা অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ড্রেজার দিয়ে এভাবে বালু তোলার কারণে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সরকারি রাস্তা ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বসতবাড়ি চরম হুমকির মুখে পড়ে। সাধারণত নদী বা কৃষিজমি থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি এবং আশপাশের ঘরবাড়ি হুমকির মুখে পড়ে।
শনিবার স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। তিনি ওই গ্রামে গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটির কার্যক্রম বন্ধ করে দেন। অভিযানকালে ঘটনাস্থলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান জানান, অভিযানের সময় ড্রেজার মালিককে উপস্থিত না পাওয়ায় জমির মালিক ইলিয়াস খানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ড্রেজারের পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ড্রেজারটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি পুনরায় ড্রেজার মেশিন চালু করার চেষ্টা করা হয়, তবে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

