ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মামলা হয়েছে ২৬টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ৭১, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

ডিএমপি কর্মকর্তা আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।