মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর যুক্তরাষ্ট্র সরকারের চলমান অভিবাসনবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে বিশ্বজুড়ে আবেদনকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে তার প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রইটার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্বব্যাপী সমস্ত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করতেই ভিসা পরিষেবার অ্যাপয়েন্টমেন্টগুলোতে পরিবর্তন বা সময়সূচি পুনর্র্নিধারণ করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অভিযান চালিয়ে আসছে। এর আওতায় ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। এসব কারণের মধ্যে রাজনৈতিক মতামত এবং গাজায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ও রয়েছে। ট্রাম্পের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।