নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীর পানিতে ডুবে ফারহান হোসেন ও লাম ইসলাম নামে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতেরা হলো, একই এলাকার ফজলুর রহমান ছেলে মোঃ ফারহান এবং বাবলু রহমানের ছেলে লাম ইসলাম। নিহতরা একই উপজেলার ১ নং চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, চারবন্ধু মঙ্গলবার দুপুর ২টার দিকে গোসল করতে নন্দকুজা নদীতে নামে। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে শিশু ফারহান ও লাম তলিয়ে যায়। ওপর দুই বন্ধু চিৎকার দিলে স্থানীয় বাসিন্দা অরজুন হালদার অন্যদের সহায়তায় নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসি ও স্বজনরা দুজনকেই পানি থেকে উদ্ধার করে দ্রুত নাটোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

