ফিফার উপদেষ্টামণ্ডলীর এক সদস্যসহ সুপরিচিত বর্তমান ও সাবেক খেলোয়াড়রা বিশ্ব ফুটবল সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন। বিভিন্ন কনফেডারেশনের আস্থা হারানোর পর এবার ফুটবলারদের বিরোধিতার মুখেও পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের পক্ষে এক বিবৃতিতে ফিফার শীর্ষ পদে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘যথেষ্ট হয়েছে।’ তাঁর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আরও কয়েকজন সুপরিচিত ফুটবলার। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিত।
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বেসরকারিকরণের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করেন সুইস-ইতালিয়ান এই প্রশাসক। এর মধ্যেই চলমান বিতর্কে এবার খেলোয়াড়দের পক্ষ থেকেও প্রকাশ্যে আপত্তি জানানো হলো।
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের মতোই খেলোয়াড়দের মধ্যেও একই উদ্বেগ বিরাজ করছে। তাঁদের মতো আমরাও দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, বড় বড় সিদ্ধান্ত খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। এমনকি যারা এই খেলাটিকে বাঁচিয়ে রেখেছেন, সেই ভক্তদেরও তোয়াক্কা করা হচ্ছে না। পরিবর্তন এখন অপরিহার্য।’

