রাজধানীর ডেমরায় বিএসটিআই-এর লাইসেন্স ও নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ‘সুফিয়া অ্যান্ড সন্স ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি সীলগালা এবং বিপুল পরিমাণ অবৈধ কয়েল ও কেমিক্যাল ধ্বংস করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে এপিবিএন-১১-এর একটি চৌকস দল।
অভিযান সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন ৮৫, সারুলিয়া বাজারে অবস্থিত ‘সুফিয়া অ্যান্ড সন্স ট্রেড ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালায়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর সিএম (মান সনদ) লাইসেন্স এবং বাধ্যতামূলক ‘পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ’ গ্রহণ ছাড়াই অবৈধভাবে ‘ফাইলাল (Final)’, ‘বডিগার্ড (Bodyguard)’ ও ‘ব্ল্যাক ক্যাটস (Black Cats)’ সহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের প্যাকেটে মোড়কজাত করে নিম্নমানের ও ক্ষতিকর মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল।
অভিযানকালে কারখানায় ড্রাম ভর্তি কয়েল তৈরিতে ব্যবহৃত অস্বাস্থ্যকর ও বিপজ্জনক রাসায়নিক উপাদান এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত কয়েল জব্দ করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত এসব ড্রাম ভর্তি রাসায়নিক সামগ্রী ও উৎপাদিত কয়েল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও মানহীন পণ্য বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানাটির সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে সীলগালা করে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মোঃ আশিকুজ্জামান এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) আবু সাকিব তানভীর।
বিএসটিআই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, পণ্যের সঠিক মান নিশ্চিতকরণ এবং ভুয়া মোড়কজাতকরণ রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

