প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে মানি না। তার কথায় দলটি স্রেফ ‘একটি মাফিয়া গ্যাং’।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। ইটস আ মাফিয়া গ্যাং। এই যে মাফিয়া গ্যাং বলছি, এটার একটা প্রমাণ হচ্ছে, কেউ কেউ তাদেরকে রাজনৈতিক দল বলে, তাদের এক ধরনের অধিকার আছে, রাজনীতি করবে না কেন, এই আলাপ তুলতে আসেন।

“আজমেরী হক বাঁধনের ওপর যা হল, আমার মনে হয়—এটা আবার বোঝাল ওদের আদৌ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।”

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাহেদ উর রহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, “আমি প্রায়ই বলতাম শেখ হাসিনা যখনই কথা বলেন—তার এই কথা বলায় নিষেধাজ্ঞা আছে, কিন্তু যখনই কথা বলেন তিনি আদতে আসলে দেখান এরা কত নোংরা।

“খেয়াল করব আমরা, রাজনৈতিক দল—আপনি যদি যা যা ঘটিয়েছেন এরপর যদি ন্যূনতম আপনার দুঃখবোধ থাকত, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হত না। কোনোভাবেই হত না।”

তিনি বলেন, “আবার আমরা এটুকুও বলি আওয়ামী লীগের যে কোনো পক্ষ থেকে, আমরা প্রস্তুতও আছি আপনারা একই কাজ করতে পারেন।

“শেখ হাসিনাকেই কেয়ার করি নাই, আমরা শেখ হাসিনার চৌদ্দ পুরুষসহ পালাতে বাধ্য করেছি, আর সেখানে কিছু মাস্তান একটু পার্কে-টার্কে মাস্তানি করবে—উই ডোন্ট কেয়ার! আমরা, তবে—আমরা ছাড়ব না, নিশ্চয়ই ছাড়ব না।”