ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে মশক নিধন অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এবং ইউনিয়নে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক হাবিবুল্লাহ।
উদ্বোধনের পর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ফগার মেশিন নিয়ে শহরের বিভিন্ন সড়ক, ড্রেন ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করে। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে, সেসব স্থানকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ নদীতীরবর্তী বৃহৎ একটি উপজেলা। সরকারের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে পৌরসভা সহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বাসাবাড়ি, ড্রেন, সড়কের পাশে ও অন্যান্য স্থানে পানি জমে থাকতে না দেওয়ার জন্য মোরেলগঞ্জের জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।

