আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই দিনের এই সরকারি সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল।

সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে নিজের বাড়িতে যাবেন মির্জা ফখরুল।

সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আবারও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। এরপর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর ঘিরে ঠাকুরগাঁও শহরে কয়েকদিন ধরেই চলছে প্রস্তুতি। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন।