তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন শুধু শেখ হাসিনা নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার। তিনি মন্তব্য করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারত রাজনৈতিকভাবে সরাসরি নিষ্পত্তি না করে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে সরকার। “বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে সেটি শেখ হাসিনার জন্য ‘খুব একটা সুখবর’ হবে না।”
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীও ভারতীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছেন— এমন প্রেক্ষাপটে তার প্রত্যর্পণের সর্বশেষ অগ্রগতির বিষয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন— এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, তার জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।”

