চীনের দুর্গম তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার বা ১২০ মাইল পূর্ব-উত্তরপূর্বে এবং তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তরপূর্বে একটি পার্বত্য এলাকায়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় রেস্তোরাঁ থেকে লোকজন প্রাণভয়ে বাইরে দৌড়ে বের হয়ে আসছেন এবং সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন জিনিসপত্রও নিচে পড়ে যাচ্ছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ এলাকা তিংরি কাউন্টিতে এক ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।

