বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলায় আবেদনের প্রেক্ষিতে ২৩ জন সহকারী প্রাথমিক শিক্ষককে বদলি করা হয়েছে। বিদ্যমান শূন্য পদে নিজ বেতন ও বেতন স্কেলে এ সব শিক্ষককে বদলি করা হয়। এ সংক্রান্ত অফিস আদেশ বুধবার (৩০ সেপ্টেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা  কার্যালয় থেকে জারি করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা পর্যায়ের অন্তঃউপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেফাইনুল আরেফিন  গত ২৭ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্ত উপজেলা শূন্য পদে শিক্ষক বদলির নোটিশ জারি হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই শেষে (৩০ সেপ্টেম্বর) এ সব বদলির আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলার কয়েকজন শিক্ষকের সাথে কথা হলে তারা জানান, এই সচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্ত উপজেলা বদলী কার্যক্রম সম্পন্ন হয়েছে।

একই সঙ্গে আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো টিএ/ডিএ প্রাপ্য হবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।