অবশেষে পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর-৩’। নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনে মিলেছে সিরিজটির তৃতীয় সিজন নির্মাণের ইঙ্গিত।

দেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিরিজটি।

দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় কিস্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। আশফাক নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করলেই দর্শকদের বড় একটি অংশ সেখানে তৃতীয় সিজন নিয়ে প্রশ্ন করতেন।

এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, বাজেট সংকটের কারণে হইচই বাংলাদেশ তখন ‘মহানগর ৩’ নির্মাণ করতে পারছে না।